জিহাদ কাজী/বগুড়া
বগুড়ায় র্যাবের পৃথক অভিযানে সিএনজি চালক মিলন মিয়া হত্যা মামলার তদন্তে পাওয়া দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন—মোঃ আবুল কাশেম প্রামানিক (৫০) ও মোঃ রেজাউল করিম ওরফে সাজু (৪৮)।
র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ৩১ আগস্ট রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে বগুড়া জেলার শাজাহানপুর থানার বেতগাড়ী ২য় বাইপাস এলাকায় অভিযান চালিয়ে আবুল কাশেম প্রামানিককে গ্রেপ্তার করা হয়। তিনি শাজাহানপুর উপজেলার শাকপালা পশ্চিমপাড়া এলাকার আফসার আলী প্রামানিকের ছেলে।
অন্যদিকে, ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা ১০ মিনিটে শাজাহানপুর থানার ফুলদিঘী মধ্যপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মামলার ২ নম্বর পলাতক আসামি রেজাউল করিম ওরফে সাজুকে গ্রেপ্তার করা হয়। তিনি ফুলদিঘী এলাকার নজমুল হোসেনের ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় দায়ের করা মামলা নম্বর-০৩, তারিখ ৭ আগস্ট ২০২৬; দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় দায়ের করা সিএনজি চালক মিলন মিয়া হত্যা মামলার তদন্তে গ্রেপ্তার দুইজনের নাম উঠে আসে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ আগস্ট সকাল আনুমানিক ৮টার দিকে সিএনজি চালক মিলন মিয়া প্রতিদিনের মতো জামিল নগর (জিন্নাহ মোড়) এলাকার ভাড়া বাসা থেকে বগুড়া চারমাথা সিএনজি স্ট্যান্ডের উদ্দেশ্যে বের হন। এরপর রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এরই মধ্যে ৭ আগস্ট সকালে ফেসবুকের মাধ্যমে তারা জানতে পারেন, তাড়াশ থানাধীন রানীদিঘী মৌজার তাড়াশ-রাণীরহাট পাকা সড়কের পশ্চিম পাশে বেড়খালী এলাকায় একটি ডোবার পানিতে কচুরিপানার মধ্যে এক ব্যক্তির মরদেহ ভাসছে।
খবর পেয়ে মিলনের স্ত্রী ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার স্বামী মিলন মিয়ার বলে শনাক্ত করেন। পরে তিনি বাদী হয়ে তাড়াশ থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১২ জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।