২০ বছরেও সংস্কার হয়নি সড়ক, চরম দুর্ভোগে ধাওয়া চাঙ্গুইর গ্রামের হাজারও মানুষ।
বগুড়া সদর উপজেলার ১নং ফাঁপোড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৌজা কানাঁড়ে অবস্থিত ধাওয়া চাঙ্গুইর গ্রামের মূল কার্পেটিং সড়কের মাত্র ২৪৭ ফুট অংশ দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটির কার্পেটিং উঠে গিয়ে বর্তমানে তা খানাখন্দ ও কাদায় পরিণত হয়েছে। এতে প্রতিদিন গ্রামের হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা সড়কটি সংস্কারের নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর এ বিষয়ে আর তেমন কোনো উদ্যোগ দেখা যায় না। ফলে বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কের একটি অংশ অবহেলিতই থেকে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমদিকে ধাওয়া চাঙ্গুইর থেকে হাজির মিল পর্যন্ত সড়কটি কার্পেটিং করা হয়। পরবর্তীতে একই সড়কের তেলিপুকুর থেকে কৈচড় স্ট্যান্ড পর্যন্ত অংশ একাধিকবার সংস্কার করা হলেও ধাওয়া চাঙ্গুইর গ্রামের প্রবেশমুখের অবশিষ্ট ২৪৭ ফুট সড়কটি বারবার সংস্কার বরাদ্দের বাইরে থেকে যায়।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিটুমিন ও পাথর-পিচ উঠে গিয়ে মাটির অংশ বের হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে সড়কে পানি জমে তৈরি হয়েছে অসংখ্য গর্ত ও কাদা। ফলে পথচারী, শিক্ষার্থী, ভ্যান-রিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি। বিশেষ করে অসুস্থ, বয়স্ক ও শিশুদের এ পথ দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে বর্তমানে কৈচর বাজার থেকে পাটিতাপাড়া সড়কের মাঝখানের টাওয়ার পর্যন্ত পুনঃসংস্কারের কাজ চলমান থাকলেও ধাওয়া চাঙ্গুইর গ্রামের প্রবেশমুখের ওই ২৪৭ ফুট সড়কটি এবারও সংস্কার কাজের আওতার বাইরে রাখা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ, আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় তরুণ সমাজ ইতোমধ্যে সড়কটির বেহাল দশার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।
স্থানীয়দের দাবি, একটি গুরুত্বপূর্ণ সড়কের মাত্র ২৪৭ ফুট অংশের জন্য পুরো এলাকার মানুষকে বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হবে—এটি কোনোভাবেই কাম্য নয়। চলমান সংস্কারকাজের সঙ্গে এই অংশটিও অন্তর্ভুক্ত করে দ্রুত সংস্কার করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে ধাওয়া চাঙ্গুইর গ্রামের হাজারো মানুষ।
এলাকাবাসী দ্রুত ওই ২৪৭ ফুট সড়ক সংস্কারের পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো সংস্কার প্রকল্পে গুরুত্বপূর্ণ কোনো অংশ বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।