জিহাদ কাজী
বগুড়া
ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বগুড়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বগুড়া মহানগরের ২১ নম্বর ওয়ার্ড শাখা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহ্বানে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া সিটি মেয়র পদপ্রার্থী ও বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম. আব্দুল মালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রুহুল কুদ্দুস ডিলু।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরের ২১ নম্বর ওয়ার্ড শাখার আমির মাওলানা আব্দুস সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই ওয়ার্ড শাখার সেক্রেটারি মোঃ মাহবুবুর রহমান।
কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।