সৌদি আরবে হামলায় নিহত শাহেদের পরিবারের পাশে জামায়াত নেতারা
জিহাদ কাজী
বগুড়া
সৌদি আরবে ড্রোন হামলায় নিহত বগুড়ার শাহেদ হোসেন আশিকের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। সোমবার (১২ অক্টোবর) বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে নিহত শাহেদের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক।
গত শনিবার বিকেলে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় শাহেদ হোসেন আশিক নিহত হন বলে জানানো হয়েছে। তিনি বগুড়া সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের সন্তান।
শাহেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার বিকেলে জামায়াত নেতা অধ্যাপক আ স ম আব্দুল মালেক নিহতের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, ওয়ার্ড জামায়াতের আমির আব্দুস সালাম ও সেক্রেটারি মাহবুবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।