বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জয়বাংলা হাট সংলগ্ন তারবিয়াতুল উম্মাহ ইন্টারন্যাশনাল বালিকা মাদ্রাসা এলাকায় সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় ২৫০ জন ছাত্রী অধ্যয়ন করছে।
তবে প্রতিষ্ঠানের অন্যতম প্রধান সমস্যা হলো, মাদ্রাসায় যাতায়াতের জন্য কোনো উপযুক্ত রাস্তা নেই। ফলে প্রতিদিন ছাত্রী, অভিভাবক ও শিক্ষিকাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানির মধ্য দিয়ে চলাচল করতে হওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ব্যাহত হচ্ছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে একটি চলাচল উপযোগী রাস্তার অভাবে শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এতে শিক্ষা কার্যক্রমও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পপুলার মেডিকেল এন্ড কলেজের গাইনি প্রফেসর ডক্টর কোহিনুর মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান মাদ্রাসাটির রাস্তা খুব সংকীর্ণ এখান দিয়ে চলাচল করার মতো কোনো ব্যবস্থাপনা নেই খুব কষ্ট করে এখানে এসেছি আমি নগর কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যেন দ্রুতই এই রাস্তাটি করে দেওয়া হয়।
অভিভাবক ও শিক্ষার্থীরাও দ্রুত একটি স্থায়ী রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, একটি যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে শিক্ষার্থীদের দুর্ভোগ দূর হবে এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।
এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।