বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সরকারি মজিবর রহমান ভাণ্ডারী মহিলা কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধিন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. আহসানুল তৈয়ব জাকির এবং সরকারি মজিবর রহমান ভাণ্ডারী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মাসুদ ইকবাল।
আরোও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি তৌহিদুর রহমান মামুন, অত্র কলেজের সাবেক ভিপি ও জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, অত্র কলেজের সাবেক ভিপি শামিমা আকতার পলিন, সাবেক ভিপি বেলা, জেলা ছাত্র দলের সভাপতি সন্ধান, সাধারন সম্পাদক পলাশ, আজিজুল হক কলেজ শাখার সদস্য সচিব রাফিউল ইসলাম, মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ শাখার সভাপতি পারভীন আক্তার জিম, সাধারণ সম্পাদক তিতলি তাবাসসুমসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক ভর্তি কমিটির আহ্বায়ক ড. মীর ত্বাইফ মামুন মজিদ।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবনের নতুন অধ্যায় শুরু করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সামনে জ্ঞান অর্জন, নিজেদের যোগ্যতা বিকাশ এবং ভবিষ্যৎ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এ সময় তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, উচ্চমাধ্যমিক পর্যায় একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। এ পর্যায়ে পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, সংস্কৃতি, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. রেজাউল করিম বাদশা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই মানসম্মত শিক্ষা অর্জনের পাশাপাশি সততা, দেশপ্রেম ও দায়িত্বশীলতার চর্চা করতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখার জন্যও তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন নবীন শিক্ষার্থীদের কলেজের নিয়মকানুন মেনে নিয়মিত পাঠদানে অংশগ্রহণ এবং শিক্ষকদের নির্দেশনা অনুসরণের আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের সাফল্য কামনা করে তাদের শিক্ষাজীবনের প্রতিটি ধাপে কলেজের সুনাম অক্ষুণ্ন রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষার্থীরা কলেজের শিক্ষার পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি উচ্চমাধ্যমিক শিক্ষাজীবন শুরু করার অনুপ্রেরণা লাভ করে।